শিশির মঞ্চে শ্রুতি অঙ্গন বাচিক শিল্প সন্ধ্যা: ‘জালাও অনন্ত দীপ’
Raj Kumar Mukherjee - sexagenarian. A father, a husband and…
শিশির মঞ্চে ‘জালাও অনন্ত দীপ’ শীর্ষক শ্রুতি অঙ্গন বাচিক শিল্প সন্ধ্যা নিয়ে রাজ কুমার মুখার্জীর এই পর্যালোচনায় কবিতার কোলাজ, শ্রুতি নাটক এবং আবৃত্তির নানা দিক উঠে এসেছে। বাঙালি মননে হারিয়ে যাওয়া শিল্পধারার পুনর্জাগরণ ও অনুষ্ঠানের সামগ্রিক অভিজ্ঞতা এতে বিশ্লেষিত হয়েছে।
গত ১৩ ই নভেম্বর শিশির মঞ্চে ‘শ্রুতি অঙ্গন’ আয়োজিত ‘জালাও অনন্ত দীপ’– বাচিক শিল্প সন্ধ্যায় কবিতার কোলাজ, বাঙালি মননে হারিয়ে যাওয়া শিল্প ফল্গুধারা কে জাগিয়ে তোলে।
অনুষ্ঠানটির সামগ্রিক পরিকল্পনা ও বিন্যাসের দায়িত্বে ছিলেন বাচিক শিল্পী অলোক মুখোপাধ্যায়। সময়কে এতোটুকু অপচয় না করে নির্ধারিত সময়ে শুরু করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাতেই হয়।
অপেশাদার শিল্পী নিয়ে এইরকম একটা কবিতা কোলাজ উপস্থাপন করতে বহু মহড়ার মধ্য দিয়ে আসতে হয়, সেটা বলার অপেক্ষা রাখে না। তা সত্ত্বেও দু’ এক জায়গায় কবিতার লাইন মনে না পড়া এবং সহশিল্পীর সাহায্যে সেটা মনে করিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটলেও, খুব একটা নিন্দনীয় নয়। একসঙ্গে এতগুলো কবিতা মনে রাখার মধ্যেও একটা কৃতিত্ব থেকে যায়।
আমন্ত্রিত শিল্পী শ্রবণা শীলের কন্ঠে কবি মল্লিকা সেনগুপ্তর ‘কথামানবী’ কবিতাটি যে এভাবেও বলা যায় — এই প্রথম উপলব্ধি করলাম। তাপস চৌধুরীর কবিতাও বেশ শ্রুতি মধুর।
এবার আসি শ্রুতি অঙ্গনের কলা কুশলীদের উপস্থাপনা কবিতা কোলাজের কথায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষণিকা’ কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি দিয়ে শুরু। কয়েকজন ছাত্রছাত্রীর এখনো কিছুটা ঘষামাজা করার প্রয়োজন আছে। ‘র-ফলার’ উচ্চারণ ঠিক ঠিক না হলে কানে বাজে। এসব ক্ষেত্রে ঘরোয়া জীবনে কথা বলার সময় একটু সচেতন হলে আপনা আপনি ঠিক হয়ে যায়।
গৌতম ভূঁইয়ার কণ্ঠস্বর দীপ্ত, কিন্তু কবিতা বলার সময় এত তাড়াহুড়ো কেন করলেন বুঝলাম না। এসব ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আরেকটু যত্ন নিয়ে তালিম দেওয়ার দরকার ।
সোমা আইচ ও প্রদীপ ভট্টাচার্যের শ্রুতি নাটক ‘রুটি’, প্রাণ খোলা হাসির উপকরণ।
অনুষ্ঠানের শেষ পর্যায় ‘একা নয় একসাথে অমোঘ উচ্চারণে’ — সময়ের কথা বলে। শিল্পীদের পোশাকের রঙ ও কবিতা সংকলন, মনে হচ্ছিল একে অপরের পরিপূরক। বিখ্যাত জার্মান নাট্যকার বোর্টল্ড ব্রেখটের ‘মারী ফারারের ভ্রূণ হত্যা’ কবিতাটি এই অনুষ্ঠানের শেষ কবিতা হওয়া উচিত ছিল। অলোক মুখোপাধ্যায়ের উদ্দীপিত কন্ঠে কবিতাটি উপস্থাপনের পরে যে কোন কবিতা পানসে হয়ে যায়।
আবহে শান্তনু বন্দোপাধ্যায় এবং আলোয় কল্যাণ ঘোষ, অনুষ্ঠানটিকে একটি অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। জয়িতা গোস্বামী সঞ্চালিকার ভূমিকায় মুন্সীয়ানার পরিচয় দিয়েছেন ।
হেমন্তের সন্ধ্যায় এমন একটি সুন্দর কবিতা আবৃত্তির অনুষ্ঠান আয়োজন করার জন্য অগ্রজ এবং বন্ধুপ্রতিম অলোক মুখোপাধ্যায় কে ধন্যবাদ।
What's Your Reaction?
Raj Kumar Mukherjee - sexagenarian. A father, a husband and a son, who has finally let go of excelsheets and PowerPoints and picked up a pen instead. A child at heart, he reminisces his childhood days and wishes that the world was a better place for all of us. An avid reader and storyteller at heart, he is spending his retirement by reading books, experimental cooking (mostly failures!) and writing.
