লোহারবন্দের ডায়েরি – স্মৃতির অ্যালবামে কিছু মানুষ, কিছু দিন
Dr. Chowdhury is an avid writer, who in his professional…
ডঃ সৌম্য শঙ্কর চৌধুরীর বর্ণনায় লোহারবন্দের পুজো, বৃষ্টি, ক্যাসেট ডেক আর শৈশবের নিষ্পাপ স্মৃতির এক মায়াবী জগত উঠে এসেছে। সময়ের সীমানা পেরিয়ে আজও সেই গ্রাম কীভাবে স্মৃতি আর ভালোবাসায় বেঁচে আছে, এই লেখায় তারই আন্তরিক দলিল।
প্রথম পর্ব: বৃষ্টিভেজা পুজো, ডেক আর আঠারোটি সিনেমা
১৯৯০ সাল। দুর্গাপুজোয় আমরা গ্রামের বাড়িতে থেকে গেলাম। পুরো তল্লাটে পুজো বলতে ফরেস্ট অফিসের সামনে ছোট্ট একটি পুজোমণ্ডপ। কিন্তু সেবার বৃষ্টি যেন থামতেই চাইছিল না। চারদিকে জল, কাদা আর মেঘলা আকাশ। বাইরে কোথাও যাওয়ার উপায় নেই।
তবে আমাদের বিনোদনের অভাব ছিল না।
টুটু কাকুর বাড়িতে ছিল ইয়া বড় একটি ডেক—মানে ক্যাসেট প্লেয়ার এবং তার সঙ্গে তিনটি বিশাল সাউন্ড বক্স। প্রথম দিন যখন সেই বক্সে গান বাজানো হল, আমার কানের মধ্যে কয়েক মাস ধরে জমে থাকা ওয়াক্স অনায়াসে বেরিয়ে এল। আশ্চর্যের বিষয়, তারপর থেকে গান আরও পরিষ্কার শুনতে পেতাম!
বৃষ্টির দিনগুলো কেটে গেল গান শুনে।
পিঙ্কি তখন শিলচরে, তার মামার বাড়িতে। পুজো সেরে পরে লোহারবন্দ আসার কথা।
বিধান কাকুর বন্ধু জগদীশের VCP ভাড়া দেওয়ার ব্যবসা ছিল। আমার আসার খবর পেয়ে ধ্রুব কাকু চার দিনের জন্য একটি VCP বুক করে ফেললেন। ভাড়া ছিল প্রতিদিন পঞ্চাশ টাকা, আর ক্যাসেটের জন্য দশ টাকা করে।
সপ্তমীর সকাল থেকে দশমীর বিসর্জন পর্যন্ত—স্নান, বাথরুম, খাওয়া এবং রাতের ঘুম বাদ দিলে—বাকি সময়ে আমরা আঠারোটি সিনেমা দেখে ফেলেছিলাম!
শরাবি, নমক হালাল, হাম ইন্তেজার করেঙ্গে, মুকাদ্দর কা বাদশাহ, ভালোবাসা ভালোবাসা—তখনকার জনপ্রিয় সিনেমাগুলো আমরা প্রায় গোগ্রাসে গিলেছিলাম। টিভিতে বাংলাদেশের সেরা অনুষ্ঠানও ছিল আমাদের নিয়মিত আকর্ষণ। মাঝে মধ্যে কারেন্ট চলে গেলে ছুটে বাইরে রাস্তায় বেরিয়ে যেতাম।
কখনও টুটু কাকুর বাড়িতে বসে রেডিওতে দেশ-বিদেশের খবর শুনতাম।
টুটু কাকু ছিলেন একটু অন্য ধাতের মানুষ। সাহিত্যচর্চা করতেন, কবিতা ও ছোটগল্প লিখতেন। বয়স তখন তিরিশের কাছাকাছি। স্কুলে মাস্টারি করতেন। গ্রামের যে কোনও সমস্যায় মানুষ তাঁর কাছে পরামর্শ নিতে আসত। কারও বিপদ হলে তিনি সবার আগে ঝাঁপিয়ে পড়তেন। পৃথিবীর কোথায় কী ঘটছে, সে সম্পর্কে তাঁর জ্ঞান দেখে মনে হত, তিনি যেন কোনও সংবাদ সংস্থার নিজস্ব প্রতিনিধি!
আর ছিলেন শক্তি পিসি।
আমার সঙ্গে শক্তি পিসির সম্পর্ক ছিল একেবারে বন্ধুর মতো, যদিও বয়সের ব্যবধান প্রায় তিরিশ বছর। অতি সরল মনের মানুষটি আমাদের সঙ্গে দশ-পঁচিশ, ক্যারম, লুডু—সব খেলায় যোগ দিতেন।
তাঁর একটি বিশেষ আবদার ছিল।
প্রায়ই টুটু কাকুকে বলতেন,
“তোর বিয়ার বরযাত্রী আমারে নিবে নি?”
টুটু কাকু মজা করে উত্তর দিতেন,
“ওয় রে মাই! আমি না গেলেও তুই জাইবে!”
এরপর আর শক্তি পিসিকে কে আটকায়!
দ্বিতীয় পর্ব: পুকুর, ছড়া আর ছোড়দিভাইয়ের রান্না
তখন গ্রামের বাড়ির অবস্থা বেশ সচ্ছল। টুটু কাকুদের বাড়ির পেছনে ছিল বিশাল একটি পুকুর। আমরা কেউই ঠিকমতো সাঁতার জানতাম না। তবুও আমি, ধ্রুব কাকু, পিঙ্কি এবং কখনও বিজু পিসি মিলে জলে ডুব দিতাম।
পুকুরে ছোট-বড় নানা মাছ ছিল। দু-একদিন বেশ আনন্দেই কাটল। হঠাৎ একদিন জলে একটি বিশাল সাপ দেখতে পেয়ে আমি এমন দৌড় লাগালাম যে, পুকুরের ধারে আর ফিরে তাকানোর সাহস হয়নি।
এত কাছ থেকে এত বড় সাপ আগে কখনও দেখিনি!
আমার নিজের ঠাকুমা মারা গিয়েছিলেন ১৯৮৮ সালে। কিন্তু তাঁকে বিশেষ মিস করার সুযোগ হয়নি। কারণ ছোড়দিভাই ছিলেন আমার সমস্ত আবদার ও বায়না পূরণের দায়িত্বে।
জ্যৈষ্ঠ মাসে বাড়ির আম রোদে শুকিয়ে আমার জন্য আমপাপড় বানিয়ে রাখতেন। সেই স্বাদ এখনও জিভে লেগে আছে।
কাঠের উনুন জ্বালিয়ে বড় বড় ফুঁ দিয়ে আগুন ধরাতেন। তারপর লুচি, পরোটা, ঘুগনি—কী না বানাতেন! খাঁটি গরুর দুধ থেকে তৈরি নানা খাবার ছিল তাঁর বিশেষত্ব।
ছোটবেলায় খাওয়াদাওয়া নিয়ে আমার প্রচুর বাছবিচার ছিল। বাড়িতে কতবার যে ভাতের পাতে খাবার ফেলে উঠে গিয়েছি তার হিসাব নেই। কিন্তু ছোড়দিভাইয়ের হাতে এমন জাদু ছিল যে, তাঁর বানানো আলুভর্তাও অমৃত মনে হত।
পরবর্তী জীবনে চাকরিসূত্রে মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল ও ত্রিপুরার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নানা জাতি-জনজাতির মানুষের সঙ্গে থাকতে হয়েছে। তাঁদের খাদ্যাভ্যাসের সঙ্গে পরিচিত হতে হতে একসময় নিরামিষাশী হয়ে যাওয়াটাই সহজ মনে হয়েছে। আমাদের পরিচিত খাদ্যসংস্কৃতির বাইরেও যে কত বিচিত্র জীবনযাপন রয়েছে, তা এই কর্মজীবনই শিখিয়েছে।
বাড়ির উত্তর দিকে ছিল একটি ছোট্ট নদী, যাকে সিলেটি ভাষায় আমরা বলতাম ‘ছড়া’। বর্ষাকালে তার স্রোত বিপজ্জনক হয়ে উঠত। অনেক দূরের একটি পাহাড় থেকে নেমে এসে ছড়াটি প্রথমে টুটু কাকুদের জমির পাশ দিয়ে, তারপর আমাদের বাড়ির উত্তর দিক ছুঁয়ে, অনেকটা পথ পেরিয়ে শেষ পর্যন্ত বরাক নদীতে গিয়ে মিশত।
ছোটবেলা থেকেই টুটু কাকুদের পুকুরের পাশের ঘাট থেকে নেমে সেই ছড়ার জল দিয়ে হেঁটে আমাদের বাড়ির ঘাটে উঠে আসতাম।
১৯৮৩ সালে অসম আন্দোলনের সময় আমাদের পরিবারকে কয়েক মাসের জন্য বরাক উপত্যকায় আশ্রয় নিতে হয়েছিল। সেই সময় একদিন এই ছড়া দিয়ে হেঁটে বাড়ি ফিরছি, দেখি মা ও বাবা আমার জন্য অপেক্ষা করছেন।
সেদিন বিকেলের নাস্তায় জুটেছিল কানমলা আর থাপ্পড়!
তবে ১৯৯০ ছিল অন্য বছর। একেবারে স্বাধীনতার বছর। প্রশ্রয় দেওয়ার জন্য চারপাশে ছিলেন ধ্রুব কাকু, বিধান কাকু, ছোট কাকু, শক্তি পিসি ও গৌরী পিসিরা।
গৌরী পিসির কানে কম শুনতেন। প্রথমে ‘কু কু’ শব্দ করে তাঁর মনোযোগ আকর্ষণ করতে হত। তারপর কথা বলা শুরু করা যেত।
এঁদের প্রত্যেকেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল। তাঁদের ছোট ছোট অভ্যাস, কথাবার্তা আর স্নেহের মধ্যেই আমাদের শৈশবের পৃথিবীটা তৈরি হয়েছিল।
১৯৯৪ সালে হঠাৎ শক্তি পিসি মারা গেলেন। পেটের অসুখ ও বমি কিছুতেই কমছিল না। তখন জেঠু লোহারবন্দে ছিলেন। তিনি তাঁকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে গেলেন। দুদিন পর হার্ট ফেলিওরে শক্তি পিসির মৃত্যু হয়।
আজও সেই মানুষটির কথা মনে পড়ে। বিশেষ করে টুটু কাকুকে করা তাঁর বিয়ের বরযাত্রীর প্রশ্নটি।
তৃতীয় পর্ব: সাদা বাঘের গল্প এবং রূপমের লোহারবন্দ অভিযান
১৯৯০ সালের লোহারবন্দ সফরের গল্প নিয়ে আমি আর ধ্রুব কাকু গুয়াহাটিতে ফিরে রূপমকে প্রচুর মালমশলা মিশিয়ে কাহিনি শোনালাম।
সাদা বাঘ, কালো ভালুক, নৌকাবিহার, হরিণ শিকার—কী ছিল না আমাদের সেই বর্ণনায়!
বাস্তবের সঙ্গে কল্পনার মিশ্রণে এমন এক অ্যাডভেঞ্চার তৈরি হল যে, রূপমের কৌতূহল কয়েক গুণ বেড়ে গেল।
১৯৯১ সালের পুজোয় সে একেবারে নাছোড়বান্দা। লোহারবন্দ যাবেই।
সেবার কাকা মারা গিয়েছিলেন। ছোট কাকুকে তখনও খবরটি জানানো হয়নি। তাই মা এবং বড় পিসি আমাদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
বড় পিসি এমনিতে খুব ভালো মানুষ। তবে একবার কথা বলা শুরু করলে কয়েক ঘণ্টার আগে থামতেন না। বিয়ের পর তেজপুর শহরে থাকতেন। তাঁর এই বিশেষ গুণ তেজপুরে যথেষ্ট প্রসিদ্ধ ছিল। এমনও শোনা যেত, তাঁর দীর্ঘ বক্তৃতা এড়াতে কয়েকজন প্রতিবেশী নাকি বাড়ি বদলে শহরের অন্য প্রান্তে চলে গিয়েছিলেন!
১৯৯১ সালের ষষ্ঠীর দিন আমি, ধ্রুব কাকু, মা, বড় পিসি ও রূপম বরাক ভ্যালি এক্সপ্রেসে গুয়াহাটি থেকে শিলচরের উদ্দেশে রওনা দিলাম।
পাহাড় লাইনে প্রচণ্ড বৃষ্টির জন্য ট্রেন বেশ লেট করছিল। আমাদের পাশের কামরায় এক ভদ্রমহিলার ভিআইপি সুটকেস চুরি হয়ে গিয়েছিল।
‘দেখসনি, দেখসনি’ বলে বড় পিসি সারা রাত জেগে আমাদের পাহারা দিলেন। ভোর হতে না হতেই মিডল বার্থের শিকল খুলে আমাকে প্রায় মাটিতে ফেলে দিয়ে চিৎকার করে বললেন,
“দৃশ্য দেখো! দৃশ্য দেখো!”
প্রাতরাশের সময় তিনি কামরার অন্যান্য যাত্রীদের কাছেও তাঁর প্রাত্যহিক কাজকর্মের বিস্তারিত বিবরণ দিতে শুরু করলেন। আমাদের কাছে এসব ছিল খুবই স্বাভাবিক। কিন্তু সহযাত্রীরা কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন।
রূপম অন্যদের দিকে লুকিয়ে ইশারা করে বোঝাল, বড় পিসির উপরমহল একটু গোলমেলে!
সেই বয়সে বড়দের সম্পর্কে আমাদের মূল্যায়নও ছিল বেশ নির্মম।
করিমগঞ্জ: কুশিয়ারা নদীর ওপারে আরেকটি দেশ।
মৃদুল দাদা, অর্থাৎ পরিতোষ দত্ত, তখন হাইলাকান্দি কলেজের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক। বদরপুর রেলস্টেশন থেকে ট্যাক্সিতে করে আমাদের করিমগঞ্জে তাঁর বাড়িতে নিয়ে গেলেন।
বড় পিসি ও ধ্রুব কাকু শিলচর হয়ে লোহারবন্দ চলে গেলেন। ট্রেন লেট হওয়ায় আমরা অনেক রাতে করিমগঞ্জ পৌঁছেছিলাম।
ভারতের এই সীমান্তবর্তী অঞ্চলে আমার সেটাই প্রথম সফর। বেশ ছিমছাম শহর। আমাদের মালিগাঁওয়ের চেয়ে খুব বেশি বড় মনে হয়নি।
দুদিন দুর্গাপুজো দেখলাম। পরদিন বিকেলে আমি আর রূপম রিকশা করে একটু পুজো দেখতে বেরিয়েছিলাম। রিকশাওয়ালা বারবার আমাদের তাড়া দিচ্ছিল।
পরে বুঝলাম, রাত আটটার আগে তাঁকে কুশিয়ারা নদী পার হতে হবে। তাঁর বাড়ি ওপার বাংলায়, সিলেট শহরে।
১৯৯১ সালে এটাই ছিল খুব সাধারণ দৃশ্য। বহু দিনমজুর সকালে সীমান্ত পেরিয়ে ভারতে আসতেন। সারাদিন কাজ করে উপার্জন করতেন, তারপর সন্ধ্যার আগেই আবার নদী পেরিয়ে নিজেদের বাড়িতে ফিরে যেতেন।
আমাদের কাছে ব্যাপারটা ছিল রীতিমতো বিস্ময়কর।
টেলিগ্রাফ অফিসের পুজোমণ্ডপে একদিন এক ভদ্রলোক এসে আমাদের বললেন, দশ টাকা দিতে পারলে তিনি স্বামী বিবেকানন্দের একটি জীবনী বই কিনবেন এবং পড়বেন।
রূপমের কাছে তাঁর আবদার ছিল পাঁচ টাকা। রূপম আমার চেয়ে বরাবরই বেশি চালাক ছিল। সে আমাকে বলল,
“দাদা, দিস না!”
কিন্তু আমার একটু দয়া হল। পঞ্চাশ টাকার মতো সম্বল থেকে দশ টাকা দিয়ে দিলাম।
লোকটি আমার টাকা দেখে ফোকলা দাঁতের ফাঁক দিয়ে এক অদ্ভুত হাসি হেসে বললেন, তিনি রামকৃষ্ণদেবের বইও কিনতে চান।
আমি আরও দশ টাকা দিলাম।
আমাদের পুজো দেখা চলতে থাকল। সুরুচি রেস্টুরেন্টে দারুণ চপ খেলাম। সাখি বৌদি ছোটবেলা থেকেই আমাদের খুব স্নেহ করতেন। প্রশ্রয়েরও অভাব ছিল না।
করিমগঞ্জে সেই কয়েকটা দিন আমরা যেন নিজেদের মতো স্বাধীনতা দিবস পালন করলাম। বাকি সময়টা তাস খেলে কাটিয়েছি। বাড়িতে থাকলে অবশ্য তাস খেলার এত স্বাধীনতা ছিল না।
একদিন দুপুরে বাড়ি ফিরছি। খিচুড়ি আর বেগুনভাজা খেয়ে বেশ তৃপ্ত।
হঠাৎ রাস্তায় সেই বিবেকানন্দ-রামকৃষ্ণের ভক্তকে দেখতে পেলাম। তিনি নেশায় বেহুঁশ হয়ে পড়ে আছেন।
পাশে গড়াগড়ি খাচ্ছে রামের কোয়ার্টার বোতল, বিবেকানন্দ বিড়ি আর কৃষ্ণ ব্র্যান্ড সাদার প্যাকেট!
ধর্ম, দর্শন আর নেশার এমন সম্মিলিত রূপ আমি জীবনে আর দেখিনি।
শিলচর: একশো টাকার সহানুভূতি।
করিমগঞ্জ থেকে আমরা অ্যাম্বাসেডর ট্যাক্সিতে শিলচর রওনা দিলাম। রূপম অনেক বায়না করে সামনের সিটে বসার ব্যবস্থা করল।
ড্রাইভার আজহারউদ্দিন করিমগঞ্জের লোক। প্রতিবছর এই সময়ে তাঁর চোখে একটি সমস্যা দেখা দিত, যাকে আমরা মজা করে ‘জয় বাংলা’ বলতাম। সেবারও সেই অসুখ হয়েছিল।
আমি মায়ের সঙ্গে পেছনে বসলাম।
শিলচরের রামনগরে মায়ের দিদির বাড়িতে উঠলাম। তাঁকে আমরা মাসিকনা বলে ডাকতাম। তাঁর দুই ছেলে গৌতম ও নন্দন এবং মেয়ে রুমা—সবাই আমার চেয়ে বেশ বড়। কিন্তু বয়সের ব্যবধান কখনও বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়ায়নি।
মেসোকে আমরা বীরেন দা মেসো বলতাম। তিনি খুব গল্প করতে ভালোবাসতেন। অসম সরকারের বিদ্যুৎ বিভাগ থেকে অবসর নিয়ে রামনগরের একটি গোটা পাহাড় কিনে বাড়ি তৈরি করেছিলেন। সেখানেই সপরিবারে বসবাস শুরু করেন।
পরিকল্পনা ছিল, সেদিন রাতটা রামনগরে কাটিয়ে পরদিন সকালে লোহারবন্দ যাব।
কিন্তু রূপমের চোখে হঠাৎ খোঁচা খোঁচা ব্যথা শুরু হল। চোখ লাল হয়ে গেল। তাকে কালো চশমা পরিয়ে দেওয়া হল।
পরিষ্কার গায়ের রং আর একটু মঙ্গোলয়েড চেহারা নিয়ে রূপম যখন ‘জয় বাংলা’ আড়াল করতে কালো চশমা পরে নন্দন দাদার সঙ্গে বাইরে বেরোল, তখন এক মিজো ভদ্রলোক বড় রাস্তায় গাড়ি থামিয়ে তাঁদের কাছে এলেন।
তিনি রূপমের দিকে তাকিয়ে নন্দন দাদার হাতে একশো টাকার নোট ধরিয়ে দিলেন।
বললেন, এই অন্ধ বাচ্চাটার যেন ভালো চিকিৎসা হয়!
সেই একশো টাকা দিয়ে আমরা অনেক কিছু কিনে খেলাম। এমনকি দুটি হিন্দি গানের ক্যাসেটও কেনা হল।
রূপমের চোখের অসুখ যে আমাদের জন্য এমন আর্থিক অনুদান এনে দেবে, তা আমরা কল্পনাও করিনি!
মা ও রূপম রামনগরেই থেকে গেল। আমি একাই লোহারবন্দের উদ্দেশে রওনা হলাম।
গৌরী পিসির নতুন শাড়ি
১৯৯১ সালে বাস বড় দোকান পর্যন্ত যেত। রাস্তা খুব ভালো না হলেও রিকশায় যেতে হয়নি।
সন্ধের আগেই লোহারবন্দ পৌঁছে গেলাম।
সেই রাতে একটি মজার ঘটনা ঘটল।
মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। প্লাস্টিক আর কাগজের খসখস শব্দ শুনতে পেলাম। আলো জ্বালিয়ে দেখি, গৌরী পিসি তাঁর নতুন শাড়িটি প্যাকেট থেকে বের করে খুব মনোযোগ দিয়ে দেখছেন।
গ্রামে পিসি-কাকুরা পুজোর সময় মা-বাবার পাঠানো নতুন কাপড়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন।
কোনও বছর তাঁদের হতাশ হতে দেখিনি। যা পাঠানো হত, তা তাঁরা অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করতেন।
দূর গ্রামের সেই সরল পরিবেশে মানুষের চাওয়া-পাওয়া ছিল খুব সামান্য। শহরের জটিলতা, তুলনা কিংবা প্রতিযোগিতা তাঁদের সেই সহজ আনন্দকে স্পর্শ করতে পারেনি।
গৌরী পিসির সেই মধ্যরাতের শাড়ি দেখার দৃশ্যটি আজও আমার চোখে ভাসে।
চতুর্থ পর্ব: লোহারবন্দ—একটি গ্রামের ইতিহাস
লোহারবন্দ কেবল আমাদের আত্মীয়স্বজনের গ্রাম ছিল না। তার নিজস্ব ইতিহাস, ভৌগোলিক গুরুত্ব এবং সাংস্কৃতিক পরিচয় ছিল।
বরাক উপত্যকার এই অঞ্চলে কুকি ও লুসাই সম্প্রদায়ের মানুষের বসবাসের ইতিহাস রয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় এই অঞ্চলের পাহাড়, বনভূমি এবং চা-বাগানকে ঘিরে নানা পরিবর্তন ঘটে। স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা ও বসতির ওপর তার গভীর প্রভাব পড়েছিল।
শোনা যায়, ১৮৩৫ সালের পর এই অঞ্চলে ব্রিটিশ প্রভাব ও চা-বাগানের বিস্তার বাড়তে থাকে। লোহারবন্দে চা চাষের চেষ্টা সফল হয়নি। অথচ কাছের রোজক্যান্ডি চা-বাগানে চায়ের উৎপাদন ছিল যথেষ্ট ভালো।
কেন লোহারবন্দে চা চাষ জমল না, তা আজও আমার কাছে কৌতূহলের বিষয়। গ্রামের লোকেরা হয়তো মজা করে বলতেন, কুকিদের অভিশাপ নাকি অন্য কিছু!
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শিলচর-হাইলাকান্দি সড়ক থেকে দ্বারবন্দের কাছে একটি পথ জঙ্গলের মধ্য দিয়ে বিলাইপুর হয়ে আইজলের দিকে তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে ভাইরেংটে হয়ে বিকল্প পথের গুরুত্ব বাড়ায় এই পুরনো পথের ব্যবহার কমে যায়। ফলে লোহারবন্দের কৌশলগত গুরুত্বও কিছুটা হ্রাস পায়।
তবে লোহারবন্দের সবচেয়ে বিস্ময়কর পরিচয় ছিল তার সাদা বাঘ।
শ্রীযুত নিবারণ লস্কর সাহেবের মাধ্যমে সাদা বাঘের খবর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে পৌঁছেছিল বলে আমাদের পরিবারে গল্প প্রচলিত ছিল। পঞ্চাশের দশকের শেষ দিকে তিনি তাঁর কন্যা ইন্দিরা গান্ধী এবং নাতি সঞ্জয় গান্ধীকে নিয়ে লোহারবন্দ এসেছিলেন বলে আমরা শুনেছি।
সাদা বাঘটি দেখার জন্যই নাকি তাঁদের এই সফর।
১৯৮৩ সালে আমরা যখন লোহারবন্দে থাকতাম, তখন একটি ধরা পড়া সাদা বাঘকে দেখতে পেয়েছিলাম। বাবাও দেখতে গিয়েছিলেন। পরে বাঘটিকে গুয়াহাটির চিড়িয়াখানায় খাঁচায় রাখা হয়েছিল। কয়েক বছর পর আমিও সেখানে একটি সাদা বাঘ দেখেছিলাম।
১৯৮০ সালের আরেকটি স্মৃতি আছে।
একদিন টুটু কাকু রেডিওর মাধ্যমে খবর পেলেন, সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনায় মারা গেছেন। সঞ্জয় গান্ধী নাকি তাঁর মা ও দাদুকে নিয়ে লোহারবন্দের ফরেস্ট অফিসের বাংলোয় রাত কাটিয়েছিলেন। গ্রামের অনেকেই তাঁকে দেখেছিলেন।
খবরটি ছড়িয়ে পড়তেই লোহারবন্দে শোকের ছায়া নেমে এসেছিল।
একটি প্রত্যন্ত গ্রামের সঙ্গে জাতীয় রাজনীতির এমন যোগসূত্র তখন আমাদের কাছে ছিল বিস্ময়কর।
পঞ্চম পর্ব: পূর্ণিমার রাত, বিদ্যুৎ এবং পিঙ্কির বিয়ে
১৯৯০ সালের সেই সফরের আরেকটি স্মৃতি বিশেষভাবে মনে পড়ে।
লক্ষ্মীপুজোর পর কোনও এক পূর্ণিমার বিকেলে আমরা কয়েকজন মিলে দ্বারবন্দ ও লোহারবন্দের মাঝখানের একটি ছোট পাহাড়ি টিলায় বেড়াতে গিয়েছিলাম।
আমাদের দলে ছিলাম আমি, ধ্রুব কাকু, বিজু পিসি এবং পিঙ্কি।
পিঙ্কির সঙ্গে ছোটবেলার পরিচয়। কয়েক বছর পর গুয়াহাটির কটন কলেজেও আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, যদিও আমাদের বিষয় আলাদা ছিল। পিঙ্কি বরাবরই ভালো ছাত্রী। আর আমি ছিলাম বাউন্ডুলে, ফাঁকিবাজ প্রকৃতির ব্যাকবেঞ্চার।
সম্পর্কে পিঙ্কি আমার পিসি হলেও আমরা প্রায় সমবয়সী। তাই ছোটবেলা থেকেই ইয়ার্কি, ঠাট্টা আর খুনসুটি চলত।
হায়ার সেকেন্ডারির সময় পিঙ্কি মায়ের কাছে লজিক পড়তে আসত।
সেদিন পূর্ণিমার আলোয় হাঁটতে হাঁটতে আমরা সেই আত্মীয়ের বাড়িতে পৌঁছলাম। বেশ উঁচু টিলার ওপর একটিমাত্র বাড়ি।
আমাদের চা বানিয়ে আপ্যায়ন করল বছর দুয়েকের বড় একটি ছেলে। তার নাম বিদ্যুৎ।
ছেলেটি ঘরের কাজকর্মে ছিল ভীষণ দক্ষ। আমাদের বসিয়ে প্রথমে ঠাকুরঘরের বাতি জ্বালাল। তারপর নিখুঁতভাবে শঙ্খ বাজিয়ে প্রার্থনা করল।
চা পরিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ালা-পিরিচ ধুয়ে মুছে যথাস্থানে তুলে রাখল।
আমরা গল্প-আড্ডা শেষ করে বেরিয়ে যাব, এমন সময় বিদ্যুৎ আবার ধূপ-ধুনো জ্বালিয়ে পুরো ঘরটাকে ধোঁয়ায় ভরিয়ে দিল।
আমরা এমন কর্মঠ ছেলে আগে কখনও দেখিনি।
বিজু পিসি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন,
“তুই অখন কিতা করবে?”
বিদ্যুৎ একটু লজ্জা পেয়ে পিঙ্কির দিকে তাকিয়ে উত্তর দিল,
“বিয়া করতাম!”
ব্যস! আর কে পায়!
আমরা পিঙ্কিকে বিয়ের পিঁড়িতে বসিয়ে প্রায় কন্যাদান সেরে ফেলেছিলাম।
হাসতে হাসতে বাড়ি ফিরলাম। সারা রাস্তা পিঙ্কিকে বিদ্যুতের নাম ধরে খ্যাপানো চলল।
বহু বছর পরেও এই ঘটনা মনে করিয়ে দিলে পিঙ্কির সঙ্গে আমাদের হাসাহাসি শুরু হয়ে যায়।
শেষ পর্ব: যে গ্রামটি আজও আমার মধ্যে বেঁচে আছে
লোহারবন্দের স্মৃতিগুলো ভাবলে আজ বুঝতে পারি, আমাদের শৈশবের আনন্দের জন্য খুব বেশি কিছুর প্রয়োজন ছিল না।
একটি বড় পুকুর, বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট ছড়া, বাঁশঝাড়, টিনের চালের বাড়ি, বৃষ্টির দিনে গান শোনা, VCP-তে সিনেমা দেখা, ক্যারম-লুডু, তাসের আড্ডা, পূর্ণিমার রাতে পাহাড়ি পথে হাঁটা—এই সামান্য জিনিসগুলিই ছিল আমাদের পৃথিবী।
আর ছিলেন কিছু মানুষ।
টুটু কাকু, যাঁর কাছে গ্রামের খবর থেকে পৃথিবীর খবর সবই পাওয়া যেত।
ধ্রুব কাকু, যিনি আমাদের অ্যাডভেঞ্চারের সঙ্গী ছিলেন।
শক্তি পিসি, যিনি বরযাত্রীর স্বপ্ন দেখতেন।
গৌরী পিসি, যাঁর নতুন শাড়ি দেখার জন্য মাঝরাতে ঘুম ভাঙত।
ছোড়দিভাই, যাঁর হাতের আলুভর্তার স্বাদ আজও ভুলিনি।
বড় পিসি, যাঁর কথার কোনও শেষ ছিল না।
আর পিঙ্কি, বিদ্যুৎ এবং রূপম—যাদের সঙ্গে জড়িয়ে রয়েছে কত হাসি, কত দুষ্টুমি, কত গল্প।
আজ এত বছর পরে যখন সেই দিনগুলোর কথা ভাবি, তখন মনে হয়, আমরা আসলে শুধু একটি গ্রামে পুজো কাটাতে যাইনি। আমরা এমন এক সময়ে ফিরে গিয়েছিলাম, যখন জীবন অনেক ধীর ছিল, সম্পর্ক অনেক সহজ ছিল, আর আনন্দ ছিল অনেক বেশি সহজলভ্য।
সময়ের সঙ্গে সেই মানুষদের অনেকেই চলে গেছেন। অনেক বাড়ি বদলে গেছে, অনেক রাস্তা পাকা হয়েছে, অনেক পুরনো পথের অস্তিত্ব হয়তো আর নেই।
কিন্তু আমার স্মৃতির লোহারবন্দ আজও সেই আগের মতোই আছে।
টিনের চাল। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে আসা বিকেলের আলো। বাড়ির পাশ দিয়ে বয়ে চলা ছড়া। পুকুরের জল। দূরে পাহাড়। আর কোথাও যেন টুটু কাকুর ডেকে গান বাজছে।
সেই গান শুনতে শুনতেই হয়তো আবার কানে জমে থাকা পুরনো স্মৃতির ময়লাগুলো বেরিয়ে আসে।
লোহারবন্দ আসলে কোনও ভৌগোলিক স্থান নয়। এটি আমার শৈশবের একটি ঠিকানা।
যেখানে ফিরে যাওয়ার জন্য কোনও ট্রেনের টিকিট লাগে না।
শুধু চোখ বন্ধ করলেই হয়।
What's Your Reaction?
Dr. Chowdhury is an avid writer, who in his professional life is a medico for the past 20 years, currently with a Central government Public Sector Undertaking. His first anthology of short stories, Barak To Doyang, was published by the National Library, Guwahati, in 2012. Besides writing, he has a keen interest in music.
